সাতক্ষীরা প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ৫:০১:৫২ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পাটকেলঘাটার মজুমদার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে তিনজনকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ইজিবাইক চালক ও যুগিপুকুরিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২৮), তালা উপজেলার দোহার গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী রওশন আরা (৪৫) এবং সাত বছর বয়সী শিশু জান্নাত আরা।
গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অপর তিনজনের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে খুলনাগামী একটি দ্রুতগতির বাস মজুমদার পেট্রোল পাম্পের সামনে এসে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।





















