প্রচ্ছদ

জয়পুরহাটের তিন থানা পেল স্থায়ী ওসি: এক মাস পর পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো ফিরল

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ১২:০২:৫৬ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাট জেলার তিনটি গুরুত্বপূর্ণ থানা—সদর, আক্কেলপুর ও ক্ষেতলাল—এক মাসেরও বেশি সময় ধরে ওসিশূন্য থাকার পর অবশেষে সেখানে স্থায়ীভাবে অফিসার ইনচার্জ (ওসি) পদে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

গতকাল বুধবার (৬ আগস্ট) জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নতুন আদেশে জয়পুরহাট সদর থানায় ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক মো. তামবিরুল ইসলাম। ক্ষেতলাল থানায় নিয়োগ পেয়েছেন মো. আব্দুল করিম এবং আক্কেলপুর থানায় মো. শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিদর্শক তামবিরুল ইসলাম গত ২৮ জুন বগুড়া জেলা থেকে বদলি হয়ে জয়পুরহাট ওআর হেডকোয়ার্টার্সে যোগ দেন। অন্যদিকে, শফিকুল ইসলাম ও আব্দুল করিম গত ২৯ জুলাই যথাক্রমে বগুড়া ও পাবনা জেলা থেকে বদলি হয়ে একই ইউনিটে যোগদান করেন। বর্তমানে তারা তাদের নিজ নিজ থানায় দায়িত্ব গ্রহণ করেছেন।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, “সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর থানায় দায়িত্বশীল কর্মকর্তাদের পদায়ন সম্পন্ন হয়েছে। তারা ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন।”

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে রাজনৈতিক অস্থিরতা ও গণ-অভ্যুত্থান-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে জেলার পাঁচটি থানায় একযোগে নতুন ওসি পদায়ন করা হয়। তবে কিছুদিন পর থেকেই ওই কর্মকর্তাদের একাংশ বারবার বদলি ও প্রত্যাহারের মুখে পড়েন। সর্বশেষ গত ৫ জুলাই সদর থানা, ২৪ জুন আক্কেলপুর থানা এবং ২৬ জুন থেকে ক্ষেতলাল থানা ওসিশূন্য হয়ে পড়ে।

দীর্ঘ এক মাস পর তিনটি থানায় পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো ফিরতে জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরও খবর

Sponsered content