নেত্রকোনা প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ৪:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়লেও প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও আনুষঙ্গিক সুবিধার অভাবে এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি। ১০০ শয্যার জনবল কাঠামো এবং অর্ধেকের বেশি পদ শূন্য রেখেই চলছে হাসপাতালের কার্যক্রম।
হাসপাতাল সূত্র জানায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হয় এবং ২০২৫ সালের অক্টোবরে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এ উপলক্ষে ৪৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৯ তলা একটি নতুন ভবনও নির্মাণ করা হয়।
হাসপাতালের নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৯৬ জন রোগী; সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৬৪৪ জন রোগী বহির্বিভাগে সেবা নিয়েছেন। সাম্প্রতিক সময়ে রোগীর চাপ আরও বেড়েছে। ২০ নভেম্বর হাসপাতালে ভর্তি ছিলেন ৪২১ জন এবং পরদিন ২১ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ৪২৬ জনে—যা অনুমোদিত ২৫০ শয্যার চেয়ে যথাক্রমে ১৭১ ও ১৭৬ জন বেশি।
১০০ শয্যার হিসাবে তত্ত্বাবধায়কসহ চিকিৎসকের অনুমোদিত পদ ৬৮টি হলেও কর্মরত আছেন ৩০ জন; শূন্য রয়েছে ৩৮টি পদ। এর মধ্যে ১০টি সিনিয়র কনসালট্যান্ট পদের মধ্যে ৭টি এবং ১২টি জুনিয়র কনসালট্যান্ট পদের মধ্যে ৬টি পদ খালি। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির ৯৭টি পদের মধ্যে ৪২টি, তৃতীয় শ্রেণির ৪২টির মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ২২টি পদের মধ্যে ১০টি পদ শূন্য।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজাহারুল আমীন বলেন, অর্ধেকের বেশি জনবলসংকট নিয়ে হাসপাতাল চালাতে হচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে একজন চিকিৎসককে ১৫০ থেকে ২০০ রোগী দেখতে হয়।
সোমবার (২৩ নভেম্বর) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসকসংকটের অভিযোগ পাওয়া যায়। বারহাট্টার ফকিরেরবাজার থেকে আড়াই মাসের শিশুকে নিয়ে ভর্তি হওয়া মারুফ মিয়া বলেন, এক সপ্তাহ ধরে শিশুর জ্বরের চিকিৎসা চলছে, কিন্তু চিকিৎসকের দেখা পাওয়া যায় কম। আটপাড়ার বানিয়াজানের নুরুল আমীন শ্বাসকষ্ট নিয়ে চার দিন ধরে ভর্তি ছিলেন; তাঁর অভিযোগ, সব সময় চিকিৎসক পাওয়া যায় না এবং সমস্যা বাড়লে জরুরি বিভাগে যেতে হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান বলেন, ওষুধ ও খাবারসহ অনেক ক্ষেত্রে এখনো ২৫০ শয্যার অনুপাতে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। চোখ, নাক-কান-গলা ও অবেদনবিদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে সিনিয়র কনসালট্যান্ট নেই; চোখের চিকিৎসকের পদ দুই দশক ধরে শূন্য। জনবল বাড়ানো গেলে আইসিইউ ও সিসিইউ চালু করা সম্ভব হবে।
২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালাতে আরও ২২৯টি নতুন পদের প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১১১টি পদের অনুমোদন হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, জনবল বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে; এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই পরবর্তী কার্যক্রম এগোবে। এ ছাড়া হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স দুই বছরের বেশি সময় ধরে নষ্ট থাকায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স এনে বর্তমানে ব্যবহার করা হচ্ছে, তবে সেটি বেশির ভাগ সময় মেডিকেল টিমের কাজে ব্যবহৃত হওয়ায় রোগী পরিবহনে পাওয়া যায় না।





















