সারাদেশ

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ১:২১:১৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সমুদ্রে স্নানের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পুণ্যার্থীরা।

স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দূর্বা, হরীতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। অনেকে পূর্বপুরুষদের স্মরণে ও মানত পূরণের আশায় মাথা ন্যাড়া করার পাশাপাশি পিণ্ডদান করেন। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে সৈকত এলাকা। পরে কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। এর আগে রাতভর ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা চলে।

কুয়াকাটায় মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসব চলবে আরও তিন দিন। পুণ্যার্থীদের নিরাপত্তায় সৈকত এলাকায় থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে রাস উৎসবের প্রচলন হয়। সেই বিশ্বাস থেকে দীর্ঘদিন ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় এ উৎসব উদযাপন করা হচ্ছে।

আরও খবর

Sponsered content