সারাদেশ

বিজয়নগরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে পুলিশ

  বিজয়নগর প্রতিনিধি: ১৬ মে ২০২৬ , ১:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে জমি-সংক্রান্ত বিরোধ বলে দাবি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন।

তার অভিযোগ, পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী হিরন মিয়া সরকার, সেলিম মিয়া, হানিফ মিয়া ও শরুফা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে ও তার সন্তানদের মারধর করে আহত করেন এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া ঘরের আলমারি থেকে নগদ প্রায় ২ লাখ টাকা এবং আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সালমা বেগম বলেন, “আমার স্বামী প্রবাসে থাকায় সন্তানদের নিয়ে একা বসবাস করি। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রবাসী আমিনুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে ওই স্থানে বসবাস করছে এবং সেখানে নির্মিত দোকানঘর ভাড়া দিয়ে আসছে। তাদের দাবি, ঘটনার দিন অভিযুক্তরা বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নতুন তালা লাগিয়ে দেয়।

তবে অভিযুক্ত হিরন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই জায়গার মাত্র দুই শতক জমির দলিল তাদের রয়েছে। বাকি জমি তারা আগে থেকেই জোরপূর্বক দখল করে রেখেছে।”

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাড়ির গেটে তালাবদ্ধ অবস্থা দেখা যায়।

তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content