প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১১:০২:৫১ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম টুকেরবাজার এলাকায় গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি বাজারের দোকান-পাট ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণঅধিকার পরিষদের পক্ষে সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে জহিরুল ইসলাম স্থানীয় ভোটারদের কাছে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ভিপি নুরুল হক নুরের সালাম পৌঁছে দেন। তিনি গণঅধিকার পরিষদকে “ন্যায় ও সত্যের সংগঠন, গরিবের সংগঠন, গণমানুষের সংগঠন” হিসেবে পরিচয় করিয়ে দেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম বলেন, “আমি একজন শ্রমিকের ছেলে। শ্রমিকদের পক্ষে কাজ করতেই মাঠে নেমেছি। আমি নির্বাচিত হই বা না হই—কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের শ্রমিকদের স্বার্থে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “পাথর কোয়ারি চালু করার জন্য যা যা করা প্রয়োজন, আমি শ্রমিকদের সঙ্গে নিয়ে তা করার চেষ্টা করব। সিলেট জেলায় কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটে শিক্ষার হার সবচেয়ে কম। এই তিন উপজেলার মানুষের শিক্ষার মানোন্নয়ন এবং সবার মৌলিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ।”
শৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালিত এ গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন গণঅধিকার পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক লিটন মাহমুদ, সদস্যসচিব সোহেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, যুগ্ম সদস্যসচিব নাজিম উদ্দীন, সদস্য সুমন আহমেদসহ স্থানীয় নেতা-কর্মীরা।




















