প্রবাসের খবর

জেদ্দায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশি তারার মেলা’

  সৌদি আরব প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৭:৩৬:১১ প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘বাংলাদেশি তারার মেলা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার রেডিসি মলের সামনে আল আয়াত রয়েল ইভেন্টের আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনস্যুলেটের কমার্শিয়াল মিনিস্টার সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আয়াত রয়েল ইভেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইকে উজ্জ্বল, আল আয়াত গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আজিজা আব্দুল গাফুর, ইভেন্ট ম্যানেজার ফাহিম উদ্দিন ও আকিলাহ হাসান।

এ ছাড়া সৌদি বিজনেস ফোরামের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া, সদস্যসচিব মীর মুনিরুজ্জামান তপন, সৌদি-বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দীন ভূঁইয়া এবং সমাজসেবক মো. জামান খানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা নাহিদা হাবিবা প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের প্রচলিত আইনকানুন ও নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশের মাটিতে প্রত্যেক প্রবাসী নিজ দেশের প্রতিনিধি। প্রবাসীদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত দায়িত্বশীলতার মধ্য দিয়েই বাংলাদেশের ভাবমূর্তি প্রতিফলিত হয়। কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে না জড়িয়ে সততা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজক প্রতিষ্ঠানের সিইও আইকে উজ্জ্বল বলেন, প্রবাসীদের কর্মব্যস্ত জীবনে বিনোদন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সংযোগ তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রবাসীদের বিনোদন ও সামাজিক সম্প্রীতি বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, পারভেজ খান ও নাজমা সুইটি। এ ছাড়া এলিজার নৃত্য পরিবেশনা, ডিজে ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা ছিল অনুষ্ঠানে।

সৌদি পুলিশ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরও খবর

Sponsered content