প্রবাসের খবর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবকের মৃত্যু

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ১২:৩১:৩২ প্রিন্ট সংস্করণ

বিয়ের দেড় বছরের মাথায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উজ্জ্বল সিকদার (২৭) নামে ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক।

গতকাল শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) দেশটির পেরাক জেলার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে।

নিহতের স্বজন ও প্রবাসী সহকর্মী আরমান শেখ জানান, তারা দুজনই মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। দেড় বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন উজ্জ্বল। বিয়ের কিছুদিন পর তিনি আবারও কর্মস্থলে ফিরে যান। গতকাল শুক্রবার কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি। উজ্জ্বলের আকস্মিক মৃত্যুর খবরে তার নিজ গ্রাম কাঠিয়ার গট্টিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। দ্রুত উজ্জ্বল সিকদারের মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের আকুল আবেদন জানিয়েছেন তার শোকাহত পরিবারের সদস্যরা।

আরও খবর

Sponsered content