প্রবাসের খবর

বিজয়নগরে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

  শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ২৬ আগস্ট ২০২৫ , ১২:৪৪:১২ প্রিন্ট সংস্করণ

শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তাবিত আসন বিন্যাসের শুনানিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরাইল-২ আসনের মনোনয়নপ্রত্যাশী রুমিন ফারহানার সমর্থকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে তারা রুমিন ফারহানার গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ ও তার সহযোগীদের উপর রুমিন ফারহানা ও তার সমর্থকরা অতর্কিত হামলা চালান। এর প্রতিবাদে তারা অবিলম্বে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্টু সরকার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান।

আতাউল্লাহ অভিযোগ করে বলেন, “আমাকে ম্যানেজ করার জন্য আমার নাম শুনানিতে রাখা হয়নি। তারা জানে না, জুলাইযোদ্ধারা কখনো ম্যানেজ হয়নি।” তিনি আরও বলেন, “রুমিন ফারহানা রাতের অন্ধকারে বিজয়নগরের ১০ ইউনিয়নের মধ্যে তিনটি কেটে সরাইল-আশুগঞ্জ আসনে যুক্ত করার চেষ্টা করছে। কিন্তু বিজয়নগরের জনগণ সব ইউনিয়ন একসাথে থাকার পক্ষে।”

তিনি অভিযোগ করে বলেন, “সংরক্ষিত নারী আসন থেকে অন্ধকারে ভোট ও ডামি নির্বাচন করে এমপি হয়েছিলেন রুমিন ফারহানা। সেই সুযোগে গত সরকারের আমলে বিভিন্ন সুবিধা নিয়েছেন। এখন চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়ন নিয়ে মিথ্যাচার করছেন, যা বিজয়নগরবাসী মেনে নেবে না।”

এদিকে, বিক্ষোভ চলাকালে আধা ঘণ্টার জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এতে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে শান্তিপূর্ণ সমাবেশ শেষে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর

Sponsered content