সারাদেশ

সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১০:৩২:০৩ প্রিন্ট সংস্করণ

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, তা এখনও নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ যত্নও নিতে হবে।’

আজ সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেই কর্মসূচিই বর্তমান সরকার আবার বাস্তবায়ন করছে।’

তিনি বলেন, ‘এসব গাছ বড় হলে মানুষ নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারবে। এলাকা ও দেশকে আরও সুন্দর করে তুলতে হলে বেশি বেশি গাছ রোপণ এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে।’

এ সময় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গাছ লাগাতে হবে বলেও জানান তারেক রহমান। চট্টগ্রাম অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘এর আগে আবার দীর্ঘদিন হয়নি। এই কমবেশি হওয়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আগে অনেক শীত পড়ত, এখন তেমন শীত পড়ে না।’

এর আগে কর্মসূচিস্থলে যাওয়ার পথে খালের একপাশে অবস্থান নেওয়া স্থানীয় বাসিন্দা, কৃষক ও গৃহবধূরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।

এর পর সড়কপথে বরিশাল নগরের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া গাছ ও নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতারা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওইদিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য দেন তিনি।

আরও খবর

Sponsered content