সারাদেশ

বৈরী আবহাওয়ায় নেত্রকোনায় আমন কাটা ব্যাহত

  নেত্রকোনা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ৪:৪১:১৪ প্রিন্ট সংস্করণ

টানা চার দিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নেত্রকোনায় আমন ধান কাটায় ছন্দপতন ঘটেছে। কোথাও জমিতে পাকা ধান হেলে পড়েছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকাতে না পারায় ঘরে তুলতে পারছেন না কৃষকরা। বৃষ্টির কারণে ধান কাটার যন্ত্রও বন্ধ রয়েছে। এতে ফসল কাটা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক ও যন্ত্রচালকরা; অন্যদিকে নতুন ধান বাজারে বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা।

কৃষকরা জানান, এবার আমনের ফলন ভালো হওয়ায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি ও বাতাসে জমির পাকা ধান হেলে পড়েছে। অনেক জমির ধান কেটে রাখা হলেও বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরোদমে ধান কাটার সুযোগ নেই বলে জানান তাঁরা।

জেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের কৃষক তোরাব মিয়া বলেন, ‘আবহাওয়ার অবস্থা ভালো না। বাতাসে ক্ষেতের ধান শুয়ে পড়েছে। ধান না কাটলেও চলে না। কেটে রেখেছি, এখন ঘরের ভেতরেও শুকানোর জন্য রাখতে পারছি না।’

চল্লিশা গ্রামের কৃষক জামাল মিয়া জানান, ধান কাটা শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে অনেক গৃহস্থ কাজ বন্ধ রেখেছেন। ধান শুকানো যাচ্ছে না, আবার ব্যবসায়ীরাও কাঁচা ধান কিনতে চাইছেন না। এতে তিন দিন ধরে বসে থাকতে হচ্ছে বলে জানান তিনি।

বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটার যন্ত্রচালক ও শ্রমিকরাও। তাঁদের ভাষ্য, আবহাওয়া অনুকূলে থাকলে একটি হারভেস্টার দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ বিঘা জমির ধান কাটা সম্ভব। কিন্তু বৃষ্টির কারণে চার দিন ধরে কাজ বন্ধ থাকায় দৈনিক আয় থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। হারভেস্টার চালক রফিক উদ্দিন জানান, প্রতিদিন তাঁদের প্রায় ১৫ হাজার টাকা আয় হতো; চার দিনে ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো আয় হারিয়েছেন তাঁরা।

কৃষকদের অভিযোগ, এবার ফলন ভালো হলেও বাজারে ধানের দাম তুলনামূলক কম। বর্তমানে প্রতি মণ ধান ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর ওপর বৃষ্টিতে ধান শুকাতে না পারায় ব্যবসায়ীরাও কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে নতুন ধান ঘরে তোলা ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

তবে কৃষি বিভাগের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে আমন ধানের উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। কিছু এলাকায় ধানগাছ হেলে পড়লেও আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত ফসল ঘরে তোলা সম্ভব হবে। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, বৃষ্টিতে কিছু এলাকায় ধানগাছ হেলে পড়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যেসব জমির ধান কাটার উপযোগী হয়েছিল, সেগুলোর কর্তন এক থেকে দুই দিন পিছিয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে হেলে পড়া ধানও কেটে ফেলা সম্ভব হবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার নেত্রকোনায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৯৯৫ হেক্টর জমি; এর বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৭০ হেক্টরে। ইতোমধ্যে ১৭ হাজার ৭১০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। জাতভেদে প্রতি হেক্টরে ৪ থেকে সাড়ে ৪ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ; এবার জেলায় ৪ লাখ ৪২ হাজার ৬৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সরকারিভাবে জেলায় ১৭ হাজার ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; প্রতি কেজি ৩৫ টাকা বা প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা দরে এ ধান কেনা হবে। তবে বৈরী আবহাওয়ায় ধান কাটা ও শুকানোর কাজ ব্যাহত হওয়ায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

আরও খবর

Sponsered content