রাজনীতি

তারেক রহমানকে স্বাগত জানাতে জনগণ প্রস্তুত: মির্জা আব্বাস

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৪:২৫:৪০ প্রিন্ট সংস্করণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্বারা লালন-পালন করা গণতন্ত্র সাথে নিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান আসছেন মানে গণতন্ত্রও ফিরে আসছে। দেশের জনগণ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।

শনিবার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা- ১০ আসনের শেখ রবিউল আলম, ঢাকা- ৬ আসনের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের ী হামিদুর রহমান হামিদ, ঢাকা- ৯ আসনের হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, মনির চেয়ারম্যান, মোশাররফ হোসেন খোকন প্রমুখ।

মির্জা আব্বাস বলেন, যারা দেশের ভালো চায় না, দেশকে ভালবাসে না- তারা দেখতে মানুষের মত কিন্তু তারা মানুষরূপী শয়তান। এরা ৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল- তারা দেশের শান্তি চায় না। তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম খুবই ধারাবাহিক।

তিনি বলেন, গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না। যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান। প্রথম আলো-ডেইলি স্টারসহ কয়েকটি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো- এরা কারা? এরা জাতির শত্রু। এদেরকে থামাতে হবে। তিনি আরো বলেন, আমরা সরকারের সাথে সাক্ষাত করে একাধিকবার বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। কিন্তু আমাদের সহযোগিতাতো নেওয়ার চেষ্টা না করে বরং দেশ বিরোধীদের সাথে চলছেন। যখন অগ্নি সন্ত্রাস চলছে, মব চলছে তখন কোথায় আইনশৃঙ্খলা বাহিনী? উল্টো বিএনপিকে দোষারোপ করার অপচেষ্টা হচ্ছে। বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার সুযোগে অনেকে গণতন্ত্রের নামে তারা মব সৃষ্টি করে জনজীবন দূর্বিষহ করে তুলছে। সরকারকে অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মির্জা আব্বাস আরও বলেন, বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। আমরা হত্যা, মব ও গুমের রাজনীতি করি না। তার মানে এই নয় যে, আমরা হাত গুটিয়ে বসে বসে থাকবো। ২৪-এর অধিকার মানুষ রক্ত দিয়ে আদায় করেছে। সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। দেশের সর্বত্র আজ অসহায়ত্বের ধ্বনি শুনা যাচ্ছে। শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র এনেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে যারা অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে।

আরও খবর

Sponsered content