রংপুর মহানগরীতে পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স সিটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স সিটি ফিলিং স্টেশনের পেট্রোল ডিসপেনসিং ইউনিটে প্রতি ৫ লিটার পেট্রোলে যথাক্রমে ২০ ও ৩০ মিলিলিটার এবং অকটেন ডিসপেনসিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৪০ ও ২০ মিলিলিটার জ্বালানি কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯(৪৬) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাছিবুল হাসান।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম ও পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া। এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মো. মুসফিকুর রহমান উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং পণ্যের গুণগতমান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।