ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: বিয়ে-খৎনার ক্যামেরাম্যান এখন ‘মহা সাংবাদিক’!
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৩ নভেম্বর ২০২৬ , ৫:০০:৩১প্রিন্ট
সংস্করণ
স্কুলের গণ্ডি পেরোতে না পারা এক যুবক একসময় কাজ করতেন বনানীর একটি ইভেন্ট ও ভিডিও প্রতিষ্ঠানে—বিয়ে, সুন্নতে খৎনা কিংবা পারিবারিক অনুষ্ঠানের ভিডিও ধারণই ছিল তাঁর পেশা। কিন্তু সময়ের পালাবদলে হাতে এসেছে স্মার্টফোন, স্ট্যান্ড আর বুম; গায়ে উঠেছে সাংবাদিক লেখা জ্যাকেট। ফেসবুকে ‘সাইফ জনতার কণ্ঠ’ নামের একটি পেজ খুলে রাজনৈতিক সভা-সমাবেশ ও নেতাদের বক্তব্য লাইভ সম্প্রচার করে রাতারাতি বনে গেছেন ‘সাংবাদিক’। অনুমোদিত কোনো গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা কিংবা সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা না থাকলেও নিজেকে উপস্থাপন করছেন প্রভাবশালী সংবাদকর্মী হিসেবে। আর এই ভুয়া পরিচয়কে পুঁজি করে নেতাদের কাছ থেকে চা-নাশতার খরচ আদায়ের পাশাপাশি চালাচ্ছেন চাঁদাবাজি।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সাইফ। আগে বনানীর ওই প্রতিষ্ঠান থেকে ক্যামেরা নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ছুটতেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। সভা-সমাবেশ বা ঘরোয়া আলোচনার দৃশ্য মোবাইলে ধারণ করে নিজের ফেসবুক পেজে প্রচার করেন। বিনিময়ে সংশ্লিষ্টদের কাছ থেকে নিয়মিত টুকিটাকি খরচের টাকা নেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, কোনো মূলধারার গণমাধ্যম, অনলাইন পোর্টাল বা টেলিভিশনের সঙ্গে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই। নেই প্রেস কাউন্সিলের স্বীকৃতি বা সাংবাদিকতার কোনো প্রশিক্ষণ ও সনদ। অথচ মাঠে-ময়দানে তাঁর ভাবখানা এমন, যেন তিনিই সবকিছুর নিয়ন্ত্রক। জ্যাকেট আর বুমের আড়ালে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “সমাবেশ বা কর্মসূচিতে অনেক সময় অনেকেই মোবাইল নিয়ে লাইভ করেন। কে আসল সাংবাদিক আর কে ফেসবুক পেজ চালান, তা সব সময় যাচাই করা সম্ভব হয় না। তবে কেউ যদি দলের নাম বা কর্মসূচি ব্যবহার করে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তবে তার দায় দল নেবে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মূলধারার গণমাধ্যমকর্মীরা। ঢাকায় কর্মরত এক সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন বলেন, “একটি স্মার্টফোন আর জ্যাকেট থাকলেই কেউ সাংবাদিক হয়ে যান না। সাংবাদিকতার নীতিমালা, দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি রয়েছে। এমন ভুয়া পরিচয়ধারীদের কারণে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”
বিষয়টি নিয়ে বনানী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, “ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা বা চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে আমাদের নজরদারি রয়েছে।”
বিশেষজ্ঞ ও গণমাধ্যম বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে একশ্রেণির সুযোগসন্ধানী ব্যক্তি ‘সিটিজেন জার্নালিজম’ বা লাইভ স্ট্রিমিংয়ের নামে অপসাংবাদিকতা ও চাঁদাবাজিতে জড়াচ্ছেন। পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের প্রতারণা এড়াতে ভুয়া পরিচয়ধারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।