সম্পাদকীয়

পোশাকশিল্পের মজুরি সংকট: সংঘাত নয়, চাই টেকসই সমাধানের কাঠামো

  এটিএম রাকিবুল বাসার , সম্পাদক ও প্রকাশক , দৈনিক মতপ্রকাশ ৫ নভেম্বর ২০২৬ , ১০:১৬:৪৮ প্রিন্ট সংস্করণ

এটিএম রাকিবুল বাসার ,                  সম্পাদক , দৈনিক মতপ্রকাশ ।
এটিএম রাকিবুল বাসার , সম্পাদক , দৈনিক মতপ্রকাশ ।

কয়েক বছর পরপর একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। এক মাসে মজুরি বোর্ড গঠিত হয়, পরের মাসে রাস্তায় উত্তেজনা ছড়ায়, আর তার পরের মাসে নতুন মজুরি কার্যকর হয়। শ্রমিকেরা বলেন, নির্ধারিত মজুরি যথেষ্ট নয়। মালিকেরা বলেন, এর বেশি দেওয়ার সামর্থ্য নেই। ক্রেতারা জানান, পণ্যের দাম বাড়ানো সম্ভব নয়। সরকার বলে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এর মধ্যে কারখানার শাটার নামে, উৎপাদন বন্ধ হয়, চালান আটকে যায়। পরিস্থিতি শান্ত হলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই—যেন কিছুই শেখার ছিল না।

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি এখন প্রায় মুখস্থ। শ্রমিকপক্ষ একটি অঙ্ক প্রস্তাব করে, মালিকপক্ষ দেয় আরেকটি। শেষ পর্যন্ত সরকার দুই পক্ষের প্রস্তাবের মাঝামাঝি কোনো একটি অঙ্ক ঘোষণা করে। কিন্তু সেই সিদ্ধান্তে কোনো পক্ষই পুরোপুরি সন্তুষ্ট হয় না।

২০২৩ সালে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা নির্ধারণের প্রস্তাব দেন। মালিকপক্ষের প্রস্তাব ছিল ১০ হাজার ৪০০ টাকা। এরপর আন্দোলন, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। পুলিশের হিসাব অনুযায়ী, অন্তত ৭০টি কারখানায় ভাঙচুর হয়, ১৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয় এবং ১১ হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। সংঘর্ষে চারজন শ্রমিক নিহত হন। শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারিত হয় ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিক সংগঠনগুলো সেই সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে।

এখানে দুটি বিষয় মনে রাখা জরুরি। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন করে মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত পোশাকশ্রমিকদের মজুরি প্রতি বছর মূল ৫ শতাংশের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ মিলিয়ে মোট ৯ শতাংশ হারে বাড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ডের মাধ্যমে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হতো, এখন তা তিন বছর পরপর হয়।

অন্যদিকে, পোশাকের রফতানি মূল্য একই হারে বাড়েনি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে অনেক ক্ষেত্রে পোশাকের দাম বরং কমেছে। অথচ উৎপাদন খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ক্ষতি শুধু টাকায় নয়, আস্থাতেও

কারখানা বন্ধ থাকলে পণ্য সময়মতো জাহাজীকরণ করা যায় না। তখন ক্রেতারা বড় অঙ্কের ছাড় চান, পণ্য উড়োজাহাজে পাঠানোর প্রয়োজন হয়, নয়তো ক্রয়াদেশ বাতিল হয়ে যায়।

২০২৪ সালের সেপ্টেম্বরে আশুলিয়ার অস্থিরতার পেছনে শুধু মজুরি বোর্ডের বিষয়টি দায়ী ছিল না। তবে অর্থনৈতিক ক্ষতির ধরন ছিল একই। একদিনে ২১৯টি কারখানা বন্ধ ছিল। সে সময়কার শ্রম উপদেষ্টা জানিয়েছিলেন, ১৫ থেকে ২০ শতাংশ ক্রয়াদেশ বাতিল হয়েছে। মার্কিন ক্রেতারা আশুলিয়াকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেন। ক্রয়াদেশের একটি অংশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় চলে যায়। রফতানিকারকেরা তখন বলেছিলেন, ক্রেতাদের আস্থা হারানোই সবচেয়ে বড় ক্ষতি। কারণ, একবার চলে যাওয়া ক্রয়াদেশ সহজে ফিরে আসে না।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির ক্ষতিও কম নয়। ২০২৩ সালে শ্রমিক বিক্ষোভের সময় সহিংসতার নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ক্লিন ক্লোথস ক্যাম্পেইন নতুন মজুরিকে ‘দারিদ্র্যের মজুরি’ বলে আখ্যা দিয়েছিল। শ্রমিকের ওপর গুলি কিংবা পুড়তে থাকা বাসের ছবি আন্তর্জাতিক ক্রেতাদের বোর্ডরুমে পৌঁছায়। এসব ঘটনা বাণিজ্য সুবিধা ও ক্রেতাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থানকে প্রভাবিত করতে পারে।

এবারও আমরা একই মোড়ে দাঁড়িয়ে। তিন বছরের হিসাবে বর্তমান মজুরিকাঠামোর মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। শ্রমিক নেতারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছেন। সরকার মজুরি বোর্ড গঠন করেছে। মালিকপক্ষ তাদের প্রতিনিধি মনোনয়ন দিয়েছে, শ্রমিকপক্ষের প্রতিনিধির নামও প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এগোচ্ছে সেই পুরোনো ধারাতেই।

সমস্যাটা পদ্ধতিতে

শ্রমিকপক্ষ জীবনযাত্রার ব্যয়ের যে চাপের কথা বলে, তা অস্বীকার করার সুযোগ নেই। আবার মালিকপক্ষ যখন বলে ক্রেতারা পণ্যের দাম বাড়াতে চান না, সেটিও বাস্তবতার অংশ। সমস্যা হলো, এই দুই বাস্তবতাকে একটি গ্রহণযোগ্য কাঠামোর মধ্যে সমন্বয় করার সুস্পষ্ট ও লিখিত নিয়ম নেই। ফলে প্রত্যেক পক্ষই আলোচনার শুরুতে নিজেদের সর্বোচ্চ দাবি বা অবস্থান তুলে ধরে। এটি কোনো এক পক্ষের অসততা নয়; বরং বিদ্যমান ব্যবস্থারই সীমাবদ্ধতা।

বর্তমান কাঠামো পুরোপুরি অযৌক্তিক নয়। এতে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু মজুরি বোর্ড অস্থায়ী। প্রজ্ঞাপন জারির পর বোর্ডের কার্যক্রম শেষ হয়ে যায়। পরবর্তী বছরগুলোতে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ কিংবা শিল্পের সক্ষমতা নিয়ে ধারাবাহিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দায়িত্বে স্থায়ী কোনো প্রতিষ্ঠান থাকে না।

আইনে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ ও উৎপাদনশীলতার মতো বিষয় বিবেচনার কথা বলা হলেও কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা সুস্পষ্ট নয়। শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব কোন তথ্য ও হিসাবের ভিত্তিতে তৈরি, সেটিও সাধারণত বিস্তারিতভাবে প্রকাশ করা হয় না। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধির সংখ্যা সীমিত হওয়ায় অনেক শ্রমিক সংগঠন নিজেদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার বাইরে মনে করে।

তাই বিদ্যমান কাঠামো ভেঙে নতুন কিছু করার প্রয়োজন নেই; বরং কাঠামো রেখেই পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার।

সমাধানে চারটি উদ্যোগ জরুরি

প্রথমত, একটি স্থায়ী মজুরি কমিশন গঠন। এই কমিশন সারা বছর শ্রমিক পরিবারের খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয়ের তথ্য সংগ্রহ করবে। পাশাপাশি উৎপাদনশীলতা, রফতানি পণ্যের একক মূল্য এবং উৎপাদন খরচের তথ্যও নিয়মিত হালনাগাদ করবে। মজুরি নির্ধারণের পদ্ধতি ও হিসাবের ভিত্তি আগেই প্রকাশ করতে হবে। মজুরি পুনর্নির্ধারণের সময় আসার আগেই তথ্যভিত্তিক খসড়া প্রস্তাব তৈরি রাখতে হবে। ঘোষিত মজুরি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সেটিও তদারকি করতে হবে।

এ জন্য সম্পূর্ণ নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন নেই। বর্তমান মজুরি বোর্ডকে প্রজ্ঞাপন জারির পর বিলুপ্ত না করে স্থায়ী কমিশনে রূপান্তর করা যেতে পারে। এতে সারা বছর তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তদারকির কাজ চলবে।

দ্বিতীয়ত, শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের ব্যবস্থা। শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে রেশনিং বা বিশেষ ভর্তুকি কর্মসূচি চালু করা যেতে পারে। সরকার যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে, তার সঙ্গে এ উদ্যোগ সমন্বয় করা সম্ভব।

তৃতীয়ত, শ্রমিকদের আবাসনব্যবস্থা নিশ্চিত করা। শ্রমিকের আয়ের বড় অংশ ব্যয় হয় বাসাভাড়ায়। আবার মজুরি বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে অনেক সময় বাসাভাড়াও বেড়ে যায়। ফলে মজুরি বৃদ্ধির পুরো সুফল শ্রমিকের হাতে পৌঁছায় না। এই ভাড়াবৃদ্ধির চক্র নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সরকার ও মালিকপক্ষের যৌথ উদ্যোগে শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্প নেওয়া যেতে পারে। এতে শ্রমিকের জীবনযাত্রার ব্যয় কমবে, একই সঙ্গে কারখানার জন্যও কর্মী ব্যবস্থাপনা সহজ হবে।

চতুর্থত, কম খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করা। চিকিৎসা শ্রমিক পরিবারের অন্যতম বড় ব্যয়। তাই কারখানার আশপাশে সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সরকার ও শিল্পমালিকদের যৌথ উদ্যোগে এ ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা যেতে পারে।

মজুরির পাশাপাশি সক্ষমতা বাড়ানোর ব্যবস্থাও চাই

মজুরি যদি নিয়ম মেনে বাড়ে, তাহলে সেই বাড়তি ব্যয় বহনের সক্ষমতা তৈরির দায়িত্বও নিয়মের মধ্যে আনতে হবে। শুধু মজুরি বৃদ্ধির নিশ্চয়তা দিয়ে শিল্পের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। এর সঙ্গে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর কার্যকর পরিকল্পনাও থাকতে হবে।

প্রথমত, উৎপাদনশীলতা বাড়াতে নিয়মিত সরকারি সহায়তা প্রয়োজন। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের জন্য কম সুদে দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করতে হবে। শ্রমিক ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং বন্দর ও কাস্টমসের প্রক্রিয়ায় সময় কমানোর উদ্যোগ নিতে হবে।

দ্বিতীয়ত, ক্রেতারা পণ্যের দাম কমালে শিল্পের জন্য সুরক্ষাব্যবস্থা থাকতে হবে। রফতানি পণ্যের একক মূল্য নিয়মিত পর্যবেক্ষণ করে একটি সূচক তৈরি করা যেতে পারে। দাম নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে নীতিগত সহায়তা, ঋণ পুনঃতফসিল কিংবা সাময়িক প্রণোদনার মতো ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালুর সুযোগ রাখা দরকার। যেভাবে মজুরিতে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়, সেভাবেই শিল্পের সংকট মোকাবিলায় আগাম সহায়তার নীতিও থাকা উচিত।

তৃতীয়ত, বেশি মূল্য সংযোজন হয় এমন পণ্য উৎপাদনের ভিত্তি তৈরি করতে হবে। মৌলিক পোশাকপণ্যে বাংলাদেশ মূলত দামের প্রতিযোগিতায় অংশ নেয়। ফলে মজুরি বাড়লেই উৎপাদন খরচের ওপর চাপ তৈরি হয়। কৃত্রিম তন্তু, কারিগরি পোশাক, নিজস্ব নকশা ও পণ্য উন্নয়নে বিনিয়োগ বাড়াতে পারলে প্রতি পণ্যে বেশি মূল্য পাওয়া সম্ভব। এ জন্য নকশা ও গবেষণাকেন্দ্র গড়ে তোলা, কাঁচামাল আমদানিতে সহজ শর্ত এবং পণ্যের বৈচিত্র্য আনতে লক্ষ্যভিত্তিক প্রণোদনা প্রয়োজন।

কারখানা পরিচালনার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মজুরি বাড়লে ক্রেতারা সাধারণত সেই অনুপাতে পণ্যের দাম বাড়ান না। যেসব আন্তর্জাতিক ব্র্যান্ড ন্যায্য মজুরির কথা বলে, মজুরি সমন্বয়ের ব্যয়ের একটি অংশ তাদের ক্রয়মূল্যেও প্রতিফলিত হওয়া উচিত। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দায় শুধু উৎপাদনকারী প্রতিষ্ঠানের নয়; বৈশ্বিক সরবরাহব্যবস্থার ক্রেতাদেরও এতে দায়িত্ব রয়েছে।

কাকে কী ছাড় দিতে হবে

মালিকপক্ষকে মানতে হবে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার বাস্তব ব্যয়ের সঙ্গে মজুরির সমন্বয় করা জরুরি। শ্রমিক সংগঠনগুলোকেও মেনে নিতে হবে, মজুরি বোর্ডের সিদ্ধান্তকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি উত্থাপন করা প্রয়োজন। সরকারকে নিশ্চিত করতে হবে, মজুরি বোর্ডের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে এবং শিল্পের সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে।

২০২৩ সালে চার শ্রমিকের প্রাণহানি, শত শত কারখানার ক্ষতি এবং মাসের পর মাস নেতিবাচক সংবাদ প্রচারের মধ্য দিয়ে আমরা যে মজুরির অঙ্কে পৌঁছেছিলাম, তা কোনো পক্ষই পুরোপুরি গ্রহণ করেনি। তাই এবার অন্তত মজুরি নির্ধারণের একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হোক।

মালিক জানুন, তাঁর উৎপাদন খরচ কতটা বাড়বে এবং সরকার কোথায় সহায়তা দেবে। শ্রমিক জানুন, তাঁর মজুরি কখন, কীভাবে এবং কতটা বাড়বে। এই নিশ্চয়তা কোনো এক পক্ষের জয় নয়; বরং দেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও টিকে থাকার অন্যতম শর্ত।


লেখক: এটিএম রাকিবুল বাসার
সিইও ও ম্যানেজিং ডিরেক্টর
ইয়ুথ বাংলা টিভি

আরও খবর

Sponsered content