মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ ১ নভেম্বর ২০২৫ , ১১:০০:৩৫ প্রিন্ট সংস্করণ
শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনের কারণে আট দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারেও ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা যায়, শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবিতে গত ১৩ অক্টোবর সোমবার থেকে ২১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত টানা আট দিন কর্মবিরতি পালন করেন জেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এতে শিক্ষার্থীদের পাঠে ঘাটতি দেখা দেয়।
এ ঘাটতি পূরণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি পরীক্ষার আগ পর্যন্ত শনিবারে ক্লাস নেওয়ার আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে নওগাঁর শিক্ষক-কর্মচারীরা পরবর্তী চার শনিবার শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় শনিবারেও ক্লাস পরিচালনা করা হয়।
পত্নীতলা উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও খিরসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক ও আকবরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, “আমাদের দাবি পূরণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি পূরণে শনিবারেও আমরা ক্লাস নিচ্ছি।”
নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাণীনগরের মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সময় ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। সেই ঘাটতি পূরণে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক শনিবারেও ক্লাস পরিচালনা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত।”
শিক্ষকরা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরীক্ষার আগ পর্যন্ত পরবর্তী দুই শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।




















