প্রতিনিধি ১৪ মে ২০২৬ , ১:২৯:২৮ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শন করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের এই সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রাজধানী বেইজিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং প্রাচীন ধর্মীয় স্থাপনা টেম্পল অব হেভেনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয় এবং কর্তৃপক্ষ দুই দিন আগেই ঘোষণা দেয় যে দিনটিতে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি বন্ধ থাকবে।
ঐতিহাসিক এই স্থাপনার প্রধান হলের সামনে দুই রাষ্ট্র প্রধান একসাথে ছবি তোলেন। এ সময় ট্রাম্প শিকে বলেন, `অসাধারণ জায়গা, অবিশ্বাস্য। চীন খুবই সুন্দর।‘
টেম্পল অব হেভেন চীনের মিং ও ছিং রাজবংশের সময়কার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কমপ্লেক্স। অতীতে সম্রাটরা এখানে এসে স্বর্গের উদ্দেশে উৎসর্গ দিতেন এবং ভালো ফসলের জন্য প্রার্থনা করতেন। ১৫শ শতকে মিং রাজবংশের আমলে নির্মিত এই স্থাপনাটি প্রাচীন চীনা সংস্কৃতিতে স্বর্গ ও পৃথিবীর সংযোগের প্রতীক হিসেবে বিবেচিত হতো।
সফরের সময় সঙ্গে থাকা সংবাদমাধ্যম প্রতিনিধিরা দুই নেতার কাছে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্ন করেন। তবে ট্রাম্প ও শি কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। প্রশ্নের জবাব না দিয়েই তারা মন্দিরের ভেতরের দিকে বের হয়ে যান।
পরে আরেক সাংবাদিক বৈঠকের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সংক্ষিপ্তভাবে বলেন, `অপেক্ষা করুন।‘
আধুনিক ইতিহাসেও টেম্পল অব হেভেন আন্তর্জাতিক কূটনৈতিক সফরের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ট্রাম্প বর্তমানে দায়িত্বে থাকা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই স্থান পরিদর্শন করলেন। এর আগে ১৯৭৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড এখানে এসেছিলেন।
পরিদর্শন শেষে ট্রাম্প টেম্পল অব হেভেনের সিঁড়ি বেয়ে নেমে আবার তার গাড়িতে ওঠেন এবং তার মোটরকেড স্থান ত্যাগ করে। হোয়াইট হাউসের প্রেস জানিয়েছে, দিনের পরবর্তী কর্মসূচিতে ট্রাম্পের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন রয়েছে চীন।














