সারাদেশ

প্রশাসন নিরপেক্ষ না হলে তরুণদের মুখোমুখি হতে হবে: হাসনাত আবদুল্লাহ

  ফেনী জেলা প্রতিনিধিঃ ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৯:৩৫ প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আমাদের হত্যা করতে চেয়েছিল, তারা এখনও আমাদের খুন করতে চায়। বাংলাদেশের রাজনীতি বদলে দেওয়ার জন্য আমরা যে সংস্কারের দাবি তুলেছি, জীবন গেলেও তা থেকে পিছু হটব না।”

বুধবার বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা শহীদ শরীফ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে এবং তার নামটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না—এই প্রজন্ম তাদের প্রত্যাখ্যান করবে।” তিনি অভিযোগ করেন, নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে যাদের ডিসি-এসপি বানানো হয়েছে, তাদের অনেকেই এখন একটি নির্দিষ্ট দলের তোষামোদ শুরু করেছে। তিনি সতর্ক করে বলেন, “কোনো দলের দালালি করলে বেনজির-হারুনদের মতো পালাতে হবে।”

তিনি আরও বলেন, এখনো হাদি হত্যাকাণ্ডের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা একটি অশনি সংকেত। প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ না করে, তবে আবারও তরুণ প্রজন্মের মুখোমুখি হতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গণতান্ত্রিক সংস্কার জোট আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ।
এবি পার্টির জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিক।

আরও খবর

Sponsered content