প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৬ , ২:০৫:৩১ প্রিন্ট সংস্করণ
মার্কিন ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে হওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রসিকতা করে এমন মন্তব্যের পাশাপাশি তিনি দাবি করেছেন, ইসরায়েলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
যদিও নিজের এ দাবির পক্ষে কোনো জনমত জরিপের তথ্য দিতে পারেননি মার্কিন এই প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাব।
একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের কথা জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি চুক্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তবে দেশটির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।
তার মতে, ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়টি ব্যবহার করে কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করছেন।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ট্রাম্পের এমন মন্তব্য অবশ্য নতুন নয়। গত মে মাসেও একই ধরনের কথা বলেছিলেন তিনি। সে সময়ও ইসরায়েলিদের মধ্যে নিজের জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ বলে দাবি করেছিলেন ট্রাম্প।





















