প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ , ১:২৩:০৩ প্রিন্ট সংস্করণ
ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে জেট জ্বালানির সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়াসহ দূরবর্তী দেশগুলো থেকে আমদানি বাড়াচ্ছে ইউরোপ। চলতি সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপে জেট জ্বালানি রপ্তানি চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকদের মতে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ইউরোপে প্রতিদিন ৫ লাখ ১০ হাজার ব্যারেল জেট জ্বালানির ঘাটতি হতে পারে। বিপরীতে, একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১৮ হাজার ব্যারেল এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪ লাখ ১৯ হাজার ব্যারেল উদ্বৃত্ত থাকতে পারে। তৃতীয় প্রান্তিকেও একই ধরনের প্রবণতা দেখা গেছে।
ইরান যুদ্ধ শুরুর পর ছয় মাসের বেশি সময়ে ইউরোপ নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশ থেকে জেট জ্বালানি আমদানি বাড়িয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে ধাক্কা লাগায় ইউরোপের মোট জেট জ্বালানি আমদানির প্রায় অর্ধেকই বন্ধ হয়ে গেছে।
পণ্যবাজারবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপে প্রতিদিন গড়ে ১ লাখ ২৯ হাজার ব্যারেল জেট জ্বালানি এসেছে। ২০২২ সালের অক্টোবরের পর এটি সর্বোচ্চ। এলএসইজি’র তথ্যেও প্রায় একই মাত্রার সরবরাহ দেখা গেছে।
ইউরোপে জেট জ্বালানির ঘাটতি অব্যাহত থাকায় আমদানি বাড়তেই থাকবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। স্পার্টা কমোডিটিজের পণ্যবিষয়ক প্রধান জেমস নোয়েল-বেসউইক বলেন, ইউরোপে সরবরাহ ঘাটতি থাকায় আমদানি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
জেট জ্বালানি ডিজেল ও গ্যাস অয়েলের মতো ‘মিডল ডিস্টিলেট’ শ্রেণির জ্বালানির অন্তর্ভুক্ত। চলতি সপ্তাহে ইউরোপে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে এবং এশিয়ার বাজারের তুলনায় ইউরোপের বাজারে দাম আরও বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।
এশিয়া ও ইউরোপের জ্বালানি বাজারের দামের ব্যবধান বাড়ায় দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলোর জন্য ইউরোপে জ্বালানি রপ্তানি করা আরও লাভজনক হয়ে উঠেছে বলে জানান নোয়েল-বেসউইক।
এদিকে ইউরোপে জেট জ্বালানির মজুতও কমে গেছে। আমস্টারডাম-রটারডাম-অ্যান্টওয়ার্প (এআরএ) তেল পরিশোধন ও মজুতকেন্দ্রে ১০ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে মজুত সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় জেট জ্বালানি উৎপাদনও বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশটির জেট জ্বালানি উৎপাদন প্রায় ১ কোটি ৩৮৯ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে রপ্তানি সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের হারও বেড়েছে। সরকারি প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই মাসে দেশটির শোধনাগারগুলো প্রতিদিন গড়ে ২৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করেছে, যা জুনের তুলনায় ১৬ শতাংশ বেশি। ব্যবসায়ীরা আশা করছেন, আগস্টেও শোধনাগারগুলোর অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের হার জুলাইয়ের চেয়ে বেশি থাকবে।





















