মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর ১৩ নভেম্বর ২০২৬ , ৫:৩৭:১৬ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শ্রমিকদের প্রতি কেজি ৩০ টাকা দরে চাল দেওয়া হবে। সপ্তাহে একদিন একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিক আফজালুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সূচনা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে টঙ্গীতে একটি শিল্প হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া আগামী জানুয়ারি থেকে গার্মেন্টস শ্রমিকরা নতুন বেতন পাবেন বলেও তিনি জানান।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এমপি রনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ বিষয়ে শ্রমিকদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল জাবের, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ দলীয় নেতাকর্মী, কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এ চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক সপ্তাহে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।





















