প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ , ২:১২:১০ প্রিন্ট সংস্করণ
সাভারের আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া তথ্য নিশ্চিত করেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কর্ম বিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এভাবে অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য অন্তত শিল্পাঞ্চল আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আজকে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে সকালে ১০টি পোশাক কারখানায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এছাড়া ৪০টি পোশাক কারখানা ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। যেকোনো অপীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।





















