নওগাঁ প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১২:১৭:৫৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় মাদক সেবনের দায়ে আরিফ (৩৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বড়বেলালদাহ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। দণ্ডপ্রাপ্ত আরিফ বড়বেলালদাহ গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়বেলালদাহ গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ আরিফকে আটক করা হয়। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





















