নিজস্ব প্রতিবেদক, দৈনিক মতপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:১৮:৩২ প্রিন্ট সংস্করণ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ঢাকা বার ইউনিট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান। এতে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, গণঅধিকার পরিষদের আইন সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ ও অ্যাডভোকেট ফারিদ উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘদিন নির্বাচনবিহীন যে সংস্কৃতি চালু হয়েছে, তার নিরসনে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আলাদা ‘আইনজীবী ঐক্য প্যানেল’ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।”
সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, “দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে আমরা আগে থেকেই স্মারকলিপি দিয়েছি। সাধারণ আইনজীবীদের উদ্বুদ্ধ করছি, যাতে একটি কার্যকর নেতৃত্বের মাধ্যমে বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা যায়।”
প্যানেলের সাধারণ সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন বলেন, “আইনজীবী অধিকার পরিষদ কেবল আইনজীবীদের অধিকার রক্ষায় নয়, ন্যায়বিচার, আইনের শাসন ও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখতে চায়।”
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে ঢাকা বারে গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধার হবে।














