শিক্ষা ও শিক্ষাঙ্গন

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার

  বাকৃবি প্রতিনিধি:  ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হল ছাত্রদলের উদ্যোগে শহীদ শিবলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মোহাম্মদ আতিকুর রহমান আতিকের পৃষ্ঠপোষকতায় এবং শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঞ্জুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এম হাম্মাদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।

 

অনুষ্ঠানে বিসিএসের প্রস্তুতি ও সফলতার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন সফল ক্যাডাররা। তারা বিসিএস পরীক্ষার প্রস্তুতির কৌশল, ধারাবাহিক অধ্যবসায়, সময় ব্যবস্থাপনা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি দেশসেবার সুযোগ হিসেবে বিসিএস ক্যাডার হওয়ার গুরুত্বও তুলে ধরেন।

 

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘বিসিএস শুধু চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এটি মেধা, পরিশ্রম, ধৈর্য ও দেশসেবার মানসিকতারও পরীক্ষা। যারা বিসিএস ক্যাডার হিসেবে সফল হয়েছেন, তাদের অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সফলদের অভিজ্ঞতা জানার পাশাপাশি বিসিএস প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ, ক্যারিয়ার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।’

 

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান বলেন,  ‘আমি বিসিএস বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। তবে শিক্ষার্থীদের বলব, বিসিএসের প্রস্তুতি নিলেও একাডেমিক পড়াশোনাকে উপেক্ষা করো না। ভালো সিজিপিএ ও নিজ বিষয়ের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইভাতেও একাডেমিক রেকর্ড বিবেচনায় থাকে। তাই বিসিএস প্রস্তুতির সঙ্গে একাডেমিক ফলাফল ও বিষয়ভিত্তিক জ্ঞান শক্তিশালী করার দিকে সমান গুরুত্ব দিতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘বিসিএসে সফল হওয়ার পরই মূল দায়িত্ব শুরু। পরীক্ষার সাফল্যের চেয়ে জনগণের আস্থা অর্জনই বড়। ক্যাডার হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে গিয়ে সততা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে মানুষের সেবা করতে হবে।’

 

অনুষ্ঠানে ছাত্রদলের হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ হলের বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content