রুশাইদ আহমেদ, বেরোবি: ৬ এপ্রিল ২০২৬ , ৮:৪৩:৫৩ প্রিন্ট সংস্করণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে “প্রত্ন-নিদর্শনী ও ঐতিহ্য উৎসব ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উৎসবের উদ্বোধন করেন।
উৎসবে দিনাজপুরের কান্তজীর মন্দির, ঢাকার লালবাগ কেল্লা, নওগাঁর কুসুম্বা মসজিদ ও চাঁপাইনবাবগঞ্জের গৌড় নগরীর মতো ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ ও ইতিহাস তুলে ধরা হয়। পাশাপাশি রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ও পোশাকও প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রদর্শনীতে অংশ নেওয়া ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মায়া আক্তার বলেন, “এই আয়োজনের লক্ষ্য শুধু জানা নয়, ইতিহাসকে দেখা ও উপলব্ধি করা। এর মাধ্যমে নতুন প্রজন্ম প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে আরও সচেতন হবে।”
দর্শনার্থী ও একই বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, “এখানে এসে অনেক অজানা বিষয় জানতে পারছি। এমন শিক্ষণীয় আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার নিমা বলেন, “রংপুরসহ বিভিন্ন অঞ্চলের প্রত্ন নিদর্শন ও ঐতিহ্য তুলে ধরার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমাদের সংস্কৃতির পুনরুজ্জীবনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজক কমিটির তত্ত্বাবধানে থাকা ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, “গ্রন্থভিত্তিক ইতিহাস শিক্ষাকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতেই এ আয়োজন। এর মাধ্যমে সবাই নতুনভাবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব সম্পর্কে জানতে পারবে।”




















