আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের নেপথ্যে কী কারণ?

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১১:১১:৪৮ প্রিন্ট সংস্করণ

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা এ দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

এদিকে ভূমিকম্পের উৎস ও কারণ নিয়ে ব্যাখ্যা দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির মতে, ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে ভূগর্ভে সঞ্চিত শক্তির আকস্মিক মুক্তির ফলেই এ ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা এমন একটি ভূতাত্ত্বিক অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেট পরস্পরের সংস্পর্শে রয়েছে। দীর্ঘ সময় ধরে প্লেট দুটির মধ্যে চাপ জমা হতে থাকে। একপর্যায়ে সেই চাপ সহনীয় সীমা অতিক্রম করলে ভূমিকম্পের মাধ্যমে শক্তি নির্গত হয়।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ভূমিকম্পগুলো ঘটেছে ‘স্ট্রাইক-স্লিপ ফল্টিং’ নামে পরিচিত একটি প্রক্রিয়ার কারণে। এ ধরনের ঘটনায় ভূত্বকের ফাটল বরাবর দুটি অংশ অনুভূমিকভাবে বিপরীত দিকে সরে যায়। এই স্থানচ্যুতি দ্রুত ঘটলে ভূকম্পনের সৃষ্টি হয়।

সংস্থাটি জানিয়েছে, এত বড় মাত্রার ভূমিকম্পকে শুধু একটি নির্দিষ্ট বিন্দুর ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি বিস্তৃত একটি ফল্ট অঞ্চলে সংঘটিত ভূত্বকীয় সঞ্চালনের ফল, যা বৃহৎ এলাকায় কম্পন সৃষ্টি করতে সক্ষম।

বিশেষজ্ঞদের ধারণা, একই দিনে অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হওয়া ভূগর্ভে জটিল ধরনের ফল্ট ভাঙন ও পারস্পরিক প্রভাবের ইঙ্গিত দেয়। অর্থাৎ প্রথম কম্পনের পর সৃষ্ট চাপ পরিবর্তনের কারণে দ্বিতীয় ভূমিকম্পটি আরও শক্তিশালী হয়ে থাকতে পারে।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ২০টি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। সংস্থাটি সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতেও আরও পরাঘাত হতে পারে। এর মধ্যে কয়েকটি আফটারশক উল্লেখযোগ্য মাত্রার কম্পন সৃষ্টি করতে পারে, যা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামোর জন্য নতুন ঝুঁকি তৈরি করবে।

এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও খবর

Sponsered content