লালপুর (নাটোর) প্রতিনিধি: ৫ জুলাই ২০২৬ , ১২:২২:১৭ প্রিন্ট সংস্করণ
এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মোছা. ইসরাত জাহান সুচি ফরম ফিলাপের জন্য ৩ হাজার ৫০০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যান। এ সময় কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকার ফরম ফিলাপ করে দেওয়ার আশ্বাস দিয়ে সেগুলো নিজের কাছে রেখে দেন।
অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে ফরম ফিলাপের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বারবার আশ্বস্ত করেন যে নির্ধারিত সময়ের মধ্যেই ফরম পূরণ হয়ে যাবে।
গত ২৯ জুন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হলে ইসরাত জাহান সুচি কলেজে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় অমিত তার মায়ের মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, প্রবেশপত্র আনতে অধ্যক্ষ রাজশাহীতে রয়েছেন এবং পরদিন কলেজে যেতে বলেন।
পরদিন কলেজে গেলে অভিযুক্ত জানান, প্রবেশপত্রে ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। পরে ১ জুলাই আবারও তিনি দাবি করেন, প্রবেশপত্রের সমস্যা সমাধানের জন্য তিনি নিজেই রাজশাহী যাচ্ছেন।
অভিযুক্তের বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে ওই দিনই শিক্ষার্থীর বাবা মেয়েকে নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অধ্যক্ষ কলেজের তথ্য যাচাই করে জানান, ইসরাত জাহান সুচির কোনো ফরম ফিলাপই করা হয়নি।
ঘটনা জানাজানি হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যান। পরে লালপুর থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩ জুলাই রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।





















