অপরাধ

মাধবপুরে দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুনের অভিযোগ

  মাধবপুর, হবিগঞ্জ – ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৮:২২ প্রিন্ট সংস্করণ

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক নারী স্বামীকে হত্যা করার অভিযোগে পলাতক রয়েছেন। নিহত ব্যক্তি ফেরদৌস মিয়া (৩৫), গ্রামের সমসু মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসের সঙ্গে তার চতুর্থ স্ত্রী তাছলিমা বেগম দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহে লিপ্ত ছিলেন। সোমবার দুপুরে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডার একপর্যায় ফেরদৌসের বুকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান। পরে অভিযুক্ত স্ত্রী ঘরে তালা দিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ সাহা জানিয়েছেন, হাসপাতালে আনার আগে ফেরদৌসের মৃত্যু হয়।

মাধবপুর থানার এসআই শাহনুর রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি দাম্পত্য কলহের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্ত্রী তাছলিমা বেগম পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব মোর্শেদ খান ঘটনাটি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content