অপরাধ

ফরিদপুর মেডিকেলে ডিবির হাতে নারীসহ ১৫ দালাল গ্রেফতার

  শফিউল মঞ্জুর ফরিদ, বিশেষ প্রতিনিধি: ৮ এপ্রিল ২০২৬ , ৮:২৫:০৬ প্রিন্ট সংস্করণ

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় একটি শক্তিশালী দালাল চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘদিনের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে নারী ও পুরুষ মিলিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা। আটককৃতরা হলেন— মনি (৩১), রেহানা (৩২), রুমা (৫০), হেলেনা (৪২), খোদেজা (৫৫), রাশেদা (৪৮), মামুন (৩৮), রাকিব (২৫), ইব্রাহিম (৩৮), লিটন শেখ (২৯), রিপন শেখ (৪০), সৈয়দ ফেরদৌস আহমেদ রনি (৩৭), মিন্টু (৩০), মাসুদ হাসান (২৯) ও কাউসার হোসেন (২৬)।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করে আসছিল। দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করে নানা কৌশলে প্রতারণা করত তারা।

চক্রের সদস্যরা সরকারি হাসপাতালে সিট নেই বা চিকিৎসা ভালো হবে না— এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য করত। এছাড়া নির্দিষ্ট ল্যাবে পরীক্ষা করানোর নামে কমিশন আদায়, দ্রুত ডাক্তার দেখানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

ডিবি পুলিশ জানিয়েছে, “হাসপাতালকেন্দ্রিক দালালদের দৌরাত্ম্য সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বড় বাধা। রোগীদের হয়রানি মুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। চক্রের মূল হোতাদের শনাক্ত ও নেপথ্যে থাকা অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হবে।

এ ঘটনায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা এই ধরনের অভিযান স্থায়ীভাবে চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content