অপরাধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ চারজন আটক

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ১৫ জানুয়ারি ২০২৬ , ১২:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি টহলদল অভিযান চালায়। এ সময় মানব পাচারকারী মো. শাহিনসহ মোট চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন—

  • মো. শাহিন, পিতা: এবাদুল ইসলাম, গ্রাম: বকচর, চরআলাতলী ইউনিয়ন, সদর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ

  • মিজানুর রহমান, পিতা: মৃত টুপু আলী, গ্রাম: লাহোলামারী, চককৃতি ইউনিয়ন, শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ

  • শফিকুল ইসলাম মুন্না (৩৭), পিতা: মৃত বেলায়েত হোসেন, গ্রাম: আসাম কলনী, বোয়ালিয়া উপজেলা, রাজশাহী

  • তারাজুল ইসলাম (৩১), পিতা: মৃত মনছুর আলী, গ্রাম: দুর্গাপুর, মিঠাপুকুর উপজেলা, রংপুর

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন,
“সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর ও তৎপর রয়েছে।”

আরও খবর

Sponsered content