অপরাধ

চিরিরবন্দরে তরুণকে হত্যাচেষ্টা, প্রকাশ্যে মারধর ও প্রাণনাশের হুমকি

  চিরিরবন্দর প্রতিনিধি: ২২ জুলাই ২০২২ , ৮:৫৩:৫৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক তরুণকে মারধর, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে দাবি করা এই ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী মো. সারোয়ার হোসেন (২৩) জানান, ২০১৯ সালে এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তরুণীর পরিবার, বিশেষ করে তার বাবা, এতে আপত্তি জানিয়ে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৩০ আগস্ট চিরিরবন্দর রেলস্টেশন এলাকা থেকে সারোয়ারকে জোরপূর্বক একটি রাজনৈতিক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কয়েকদিন আটকে রেখে নির্যাতন করা হয় এবং ভবিষ্যতে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক রাখলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি তার।

এছাড়া একই বছরের ১৩ অক্টোবর চিরিরবন্দর মহিলা কলেজের সামনে আবারও তাকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। ওই সময় তরুণীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

পরবর্তীতে ২০২২ সালের ১৭ জুলাই ভোরে ভাড়া বাসায় অবস্থানকালে সারোয়ারের ওপর আরেক দফা হামলার অভিযোগ ওঠে। এতে তিনি আহত হন এবং অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সারোয়ারের দাবি, এসব ঘটনায় তিনি একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। তার পরিবারের ওপরও চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়েন উদ্দিন শাহ এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content