অপরাধ

মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সাফল্য, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

  মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ (কক্সবাজার) ৩ জুন ২০২৬ , ৩:১৬:২৫ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক শীর্ষ আসামি জামাল উদ্দিন ওরফে জামাল হোসেন ওরফে ‘লেডু’ (৪০)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) গভীর রাতে র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত লেডু টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়ার মৃত আমির মোহাম্মদ সওদাগরের ছেলে। ২০২২ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫-এর পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content