নওগাঁ প্রতিনিধিঃ ১৭ আগস্ট ২০২৬ , ৮:১৮:০৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সতিহাট ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর ১৭ আগস্ট সোমবার সকালে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মান্দা উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের সচিন্দ্রনাথের ছেলে জিতেন্দ্রনাথ (৪০) ও তার স্ত্রী পলি রানী (৩০)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম মান্দা এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সতিহাট ঋষিপাড়া গ্রামের এক মুদি দোকানি দোকানের আড়ালে নিজ বাড়িতে মাদক রেখে কেনাবেচা করছেন।
পরে রাতে ডিবি পুলিশের দলটি স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিতেন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি কালো পলিথিন উদ্ধার করা হয়। পলিথিনটি থেকে এক কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে তার স্ত্রী পলি রানীকেও গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি জিতেন্দ্রনাথ প্রতি সপ্তাহে সীমান্ত এলাকা থেকে ১৫-১৬ হাজার টাকা দরে দুই থেকে তিন কেজি গাঁজা কিনে আনতেন। পরে তা ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করতেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আজ সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





















