অপরাধ

মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:২৭:৪২ প্রিন্ট সংস্করণ

র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে র‍্যাবের একটি দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে—শাহজাহানপুর ইউনিয়নের একটি চা বাগানসংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে রাত ৯টা ২০ মিনিটে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে থাকার কথা স্বীকার করলে নীল ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রাজেশ ঝরা (২৫), পিতা কালাচান ঝরা এবং প্রসেনজিৎ (২৩), পিতা রামধনী কইরী। উভয়ের বাড়ি চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি গ্রামে।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে রাখত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content