অপরাধ

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৪ জুন ২০২৬ , ৫:৪০:১৪ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুরঞ্জন দাস (২৫)কে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২ জুন রাতে অভিযুক্ত আব্দুর রহিম (৩৫) ও সুরঞ্জন দাস কৌশলে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যদের অচেতন করে ওই কিশোরীর ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন ভোরে প্রতিবেশীরা পরিবারের সদস্যদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি সুরঞ্জন দাসকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, “অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content