শফিউল মঞ্জুর ফরিদ (বিশেষ প্রতিনিধি): ১২ এপ্রিল ২০২৬ , ৮:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ
ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ভাঙ্গা, কোতয়ালী ও নগরকান্দা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় একাধিক চৌকস টিম এই পৃথক অভিযানগুলো পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, বিদেশি মদ এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা: রবিবার (১২ এপ্রিল) ভাঙ্গা থানাধীন পুলিয়ার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মানিকদহ কালিবাড়ী এলাকা থেকে ২ বোতল বিদেশি মদ ও ১০ পিস ইয়াবাসহ শিমুল চক্রবর্তী মনা (৪১) ও ওয়াসিম ঘোষকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানা: শনিবার (১১ এপ্রিল) দক্ষিণ আলীপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ জুটন (৩১), জুবায়ের শেখ (২০) ও সাথী বেগমকে (৫৫) গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ৪৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
নগরকান্দা থানা: নগরকান্দার কুঞ্জুনগর এলাকায় অভিযান চালিয়ে মহসিন শেখ বাবুকে (৩০) ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী শেখ জাফরের ঘর থেকে আরও ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হলেও তিনি কৌশলে পালিয়ে যান।
এ বিষয়ে জেলা ডিবির ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন “ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকচক্রের নেটওয়ার্কগুলো চিহ্নিত করছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এই চক্রগুলো পুরোপুরি ভেঙে দিতে আমরা বদ্ধপরিকর।
পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।




















