অপরাধ

কিশোরগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

  মোরছালীন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ১০:১৭:৪১ প্রিন্ট সংস্করণ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক এবং তার ছেলে নবিজুল ইসলাম।

জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দল রোববার গভীর রাতে নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। জিজ্ঞাসাবাদের পর সেনাসদস্যরা ওই মাদক কারবারি পিতা-পুত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় মাদক বিক্রির ৪ হাজার টাকা ও মাদক বেচাকেনায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে আটককৃত পিতা-পুত্র ও জব্দকৃত সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে। জানা গেছে, তাদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে।

কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনাসদস্য ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, যৌথ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content