কুষ্টিয়া জেলা প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১২:২৬:৪৪ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শোমসপুর ইউনিয়নের পশ্চিম রেলপাড়া এলাকার ফারুকের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কয়েকজন যুবক সেখানে ককটেল তৈরি করছিলেন বলে পুলিশ জানায়।
ঘটনাস্থল থেকে বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫) এবং রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীব (৪০)–কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি তাজা ককটেল এবং ককটেল তৈরির লাল টেপসহ প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, “তিনটি ককটেল ও তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, আটক হাসান ও রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।















