মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১১ জানুয়ারি ২০২৬ , ৮:৫৩:৩৫প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক সংলগ্ন সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।পরে তাদের কাছ থেকে প্যাকেটজাত অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মাধবপুর উপজেলার সুরমা গ্রামের মৃত গোবিন্দের ছেলে নিবারণ তন্ত্রবায় (৩৫) এবং উপেন্দ্র গোয়ালার ছেলে সাজু গোয়ালা (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।