অপরাধ

মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ

  নাহিদ মিয়া , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০২:২৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অবস্থান নেয় টহল দল। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতর অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ‘মেলানোসিল’ (MELANOCYL) নামের ওষুধ উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। উদ্ধার করা কসমেটিকস ও ওষুধ সংশ্লিষ্ট কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content