অপরাধ

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক আটক

  সিলেট প্রতিনিধি: ১ জুন ২০২৬ , ৫:১০:৪২ প্রিন্ট সংস্করণ

 

সিলেট নগরীর রায়নগর এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল (২৬) দপ্তরীপাড়ার সাকেরের কলোনির বাসিন্দা। তিনি পেশায় একটি প্রাইভেটকারের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জুয়েল ও অভিযুক্ত মো. হাবিল (২৫) পরস্পরের বন্ধু ছিলেন। হাবিল নগরীর শাহপরান থানার বালুচর এলাকার বাসিন্দা এবং মো. আলীর ছেলে। জুয়েলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ভেরা এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, দুজনই মাদকাসক্ত ছিলেন।

রোববার সকাল ১১টার দিকে তাদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে টেনে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেয়। পরে তার সঙ্গে থাকা একটি ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে জুয়েলের গলা, বুক ও পিঠে একাধিক আঘাত করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী হাবিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে হাবিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও খবর

Sponsered content