সারাদেশ

কিশোরগঞ্জের উন্নয়নে ভাবনা ও করণীয় শীর্ষক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  মোরছালীন, উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী): ৫ মার্চ ২০২৬ , ৭:১২:৩৭ প্রিন্ট সংস্করণ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা-এর উন্নয়ন নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাব-এর হলরুমে “কিশোরগঞ্জের উন্নয়নে ভাবনা ও আমাদের করণীয়” শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। পরে প্রয়াত সাংবাদিকদ্বয়ের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম-কে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমি ঘোষণা করছি—আজ থেকে কাউকে চুরি করতে দেব না, বরং জনগণকে দেব। যে বরাদ্দ আসবে, তা সমন্বিতভাবে উন্নয়ন কাজে ব্যবহার করে কিশোরগঞ্জকে আলোকিত করা হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিতে নয়, প্রতিশ্রুতি নিতে এসেছি। সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল, থানা ও ভূমি অফিস যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে কিশোরগঞ্জ উপজেলা উন্নয়নের রোল মডেলে পরিণত হবে।” এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দৈনিক দিনকাল-এর জেলা প্রতিনিধি ফজল কাদির, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষক আবুল কাসেম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সমাজসেবক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content