সংবাদদাতা, টঙ্গী (গাজীপুর): ১৫ মে ২০২৬ , ৩:০৬:২৫ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় দিনদুপুরে এক সংবাদকর্মীর মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গী নতুন বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসির উদ্দীন বুলবুল দৈনিক সংবাদের মফস্বল ডেস্কের সহ-সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি জানান, রেলগেট পার হওয়ার সময় কয়েকজন যুবক তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে মোবাইল নিতে ব্যর্থ হয়ে রাব্বি নামে এক যুবক তার কাছে থাকা সুইস গিয়ার সদৃশ একটি ধারালো অস্ত্র বের করে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। অভিযুক্ত রাব্বির বাবার নাম ফকির বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি ও আশপাশের এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এলাকাবাসীর দাবি, এ চক্রের সঙ্গে রাজু ওরফে “চইক্কা রাজু”, সল্টু, বাপ্পী, ছাল্টু, আল্লাদির ছেলে জনি, রাজিব এবং কালীগঞ্জের বাচ্চুর ছেলে লালসহ আরও কয়েকজন জড়িত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ছিনতাইকারী চক্রকে আইনের আওতায় এনে টঙ্গী রেলগেট এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।




















