ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ১১:২০:১০ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ প্রকৌশলী মাহমুদুল হাসানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির সদস্যসচিব ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নিপুল, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়ন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুর রহমান বকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে তরুণ প্রকৌশলী মাহমুদুল হাসান স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ করেন। পরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, ‘বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আমরা মাছে-ভাতে বাঙালি। তাই মৎস্য চাষ ও উৎপাদন বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’
পরে অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ অতিথিরা বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।





















