ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ৪:২০:৪৬ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন বাবু (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় বদরগঞ্জ থানা–র একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম–এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মধুপুর ইউনিয়নের বুয়ারপাড়া এলাকায় মোস্তফা কামালের বসতবাড়ি সংলগ্ন একটি বাঁশবাগান থেকে অভিযুক্তকে আটক করে।
গ্রেপ্তারকৃত সুমন বাবু বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর নওপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দেলোয়ার হোসেনের ছেলে।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত যুবক শিশুটিকে বাড়ির পেছনে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে। ঘটনার পর ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “অভিযুক্ত সুমন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং শিশুটির শারীরিক ও মানসিক সুরক্ষায় প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।




















