সারাদেশ

সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধের অভিযোগ, প্রাণনাশের হুমকি

  সিলেট প্রতিনিধি : ৭ এপ্রিল ২০২৬ , ১২:১৭:০৯ প্রিন্ট সংস্করণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামে সাংবাদিক জুবের আহমদের বাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মৃত ফরিজ আলীর ছেলে নিয়ামত আলী, তার ছেলে মো. তাজ উদ্দিন ও বিলাল আহমদসহ কয়েকজন মিলে সাংবাদিক জুবের আহমদের বাড়ির প্রবেশপথ জোরপূর্বক বন্ধ করে দেয়। এতে করে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে এবং কয়েকদিন ধরে মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।

এ ঘটনায় সাংবাদিকের ভাই আলী হোসেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, গোলাপগঞ্জে একটি মামলা দায়ের করেন (মামলা নং ০৬/২৬)। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় অভিযুক্তরা জোরপূর্বক রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আদালত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির নোটিশ (প্রসেস নং-১৫১/২০২৬) প্রদান করে। তবে অভিযোগ রয়েছে, ওই নোটিশ অমান্য করে নিয়ামত আলী গং রাস্তা দখল করে রাখে।

এদিকে, রাস্তা বন্ধ ও হামলার ঘটনায় সাংবাদিক জুবের আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৬ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা তার বাড়ির উত্তর পাশে জোরপূর্বক পাকা দেয়াল নির্মাণ শুরু করে।

এ সময় তার ছোট বোন মোছা. নুরুন নাহার রুনা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগে আরও বলা হয়, নিয়ামত আলী ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং লাশ গুম করে ফেলার ভয় দেখায়।

ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

আরও খবর

Sponsered content