সারাদেশ

মান্দায় জামায়াতে ইসলামী উদ্যোগে ৩০০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ

  নওগাঁ প্রতিনিধি: ২৮ নভেম্বর ২০২৫ , ১১:১২:২৩ প্রিন্ট সংস্করণ

 

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রসাদপুর আলহেরা প্রি–ক্যাডেট ইসলামী একাডেমি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের আমীর এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–৪ (মান্দা) আসনের দলীয় প্রার্থী খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম ও ইলিয়াস আলী খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব বলেন, “মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্ষমতায় এলে যুব উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “বর্তমানে অনেক তরুণ খেলাধুলা থেকে দূরে সরে মাদকের দিকে ঝুঁকছে, যা সমাজের জন্য অশনিসংকেত। যুবসমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতেই মান্দার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও এক শতাধিক ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।”

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগ তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে এবং গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার চর্চা আরও গতিশীল হবে।

আরও খবর

Sponsered content