সারাদেশ

ইটভাটার ঘরে মিলল সার, দুই ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রাপ্তরা হলেন—খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকন (৪ লাখ টাকা) এবং রফিক ট্রেডার্সের মালিক ও বালাইনাশক ডিলার রফিকুল ইসলাম (৫ হাজার টাকা)।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপার এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

অভিযানকালে ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার এবং পার্শ্ববর্তী অপর একটি দোকান থেকে সাড়ে ৯ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ স্থানীয় বিএনপি নেতারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সার কালোবাজারি ও অবৈধ মজুতবিরোধী এ অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়। কৃষি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ সার মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আরও খবর

Sponsered content