সারাদেশ

দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১১ জুলাই ২০২৬ , ৭:৫২:০১ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাদের শূন্য রেখায় রাখা হয়েছে।
শনিবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভোরের দিকে এক নারী ও তিন পুরুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। ফলে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেননি। চারজনকে দাইনুর বিওপির শূন্য রেখায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ এবং পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধীও রয়েছেন।
বিজিবির তথ্যমতে, ওই চারজনই বাংলাদেশি নাগরিক। তারা হলেন, খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইলের কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের গণি মোল্লা (৩৫)।
বিজিবির একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে তারা ভারতে যান। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস কারাভোগ করেন। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হলে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়।
ঘটনার পর বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়েছে। তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি।

আরও খবর

Sponsered content